ছাত্রদল-শিবির উত্তেজনা: কেসি কলেজে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিও নিষিদ্ধ করেছে কলেজ প্রশাসন।
বুধবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসরুর উল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের ১১৬তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরে শহরে পৃথকভাবে মিছিল বের করে সংগঠন দুটি।
এদিকে বৃহস্পতিবার সকালে কেসি কলেজ ক্যাম্পাসে নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহরিয়ার মো. মাহবুব ইসলাম বলেন, কয়েকদিন ধরে কলেজ ক্যাম্পাসে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে ৫ অক্টোবর ছাত্রদলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রশাসন বিজ্ঞপ্তি দিয়েছে। ফলে অনুষ্ঠানটি কলেজে হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে কেসি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আলী মাহফুজের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে শিবিরের এক কর্মী ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের নেতাদের পোস্টটি মুছে ফেলতে বলা হলে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসরুর উল আলমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।