এসএসসি-এইচসির প্রশ্ন ছাপায় এবার নতুন কৌশল, এক সেট হবে বিজি প্রেসের বাইরে
এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর ক্ষেত্রে নতুন কৌশল নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী বছর থেকে পরীক্ষার দুই সেট প্রশ্নপত্রের একটি সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এবং অন্যটি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে ছাপানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী দাবি করেছেন, সর্বশেষ এইচএসসি পরীক্ষায় একটি প্রশ্নপত্র তিনবার রিপ্রিন্ট করতে হয়েছে। একই সঙ্গে বিজি প্রেস থেকে প্রশ্নফাঁসের সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘লাস্ট এক্সামে (এইচএসসি) প্রশ্নপত্র আমাকে তিনবার রিপ্রিন্ট করতে হয়েছে। বৃহস্পতিবারে শুনলাম এই রোববারের পরীক্ষা প্রশ্নপত্র কোনোভাবেই...।’ এ সময় তিনি প্রশ্নফাঁসের বিষয়ে ইঙ্গিত দেন।
তিনি বলেন, ‘শুক্রবারে প্রশ্নপত্র প্রিন্ট করেছি, শনিবারে ডেলিভারি দিয়েছি। যারা শিক্ষক আছেন তারা জানেন, অন্যরা জানেন না। সরকারে আমরা যারা আছি তারাও জানি।’
শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে বর্তমানে দেশ অনেক এগিয়ে গেছে এবং ডিজিটাল প্রযুক্তির কারণে প্রশ্নপত্রে বিভিন্নভাবে ম্যানিপুলেশনের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এবার প্রশ্নপত্রের দুই সেট করা হবে। তবে শুধু দুই সেট প্রশ্ন তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। একই জায়গা থেকে একাধিক সেট প্রশ্ন ছাপানোর পরিবর্তে আলাদা প্রতিষ্ঠানে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘যে ব্যক্তিকে দিয়ে যদি এক সেট করলে আউট হতে পারে, সেই ব্যক্তিকে যদি দ্বিতীয় সেট করা যায়, তাও তো আউট হতে পারে। সেই ব্যক্তিকে তৃতীয় সেট করলে কি আউট হতে পারে না?’
তিনি বলেন, ‘আমরা এক সেট ছাপাই বিজি প্রেস দিয়ে, দুই সেট ছাপাই বিজি প্রেস দিয়ে, তিন সেটও ছাপাই বিজি প্রেস দিয়ে। এটা দিয়ে কোনো কিছু বুঝায়? তাই আমরা অন্য চিন্তা করেছি।’
শিক্ষামন্ত্রী জানান, আগামীতে দুই সেট প্রশ্নপত্র আলাদা দুটি প্রতিষ্ঠানে ছাপানো হবে। এর মধ্যে একটি সেট বিজি প্রেসে এবং অন্য সেট অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে ছাপানো হবে। দুই সেটের মুদ্রণ কার্যক্রমের মধ্যে কোনো ধরনের সম্পর্ক রাখা হবে না।
তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, দুই সেট প্রশ্ন ছাপানো হবে। এক সেট বিজি প্রেস থেকে, অন্য সেট অন্য কোনো প্রতিষ্ঠান থেকে। একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক থাকবে না।’