৪৯তম বিসিএসে গেজেটভুক্ত হয়েও যোগ দেননি ৩৮ জন, ৩৪ জনই পুরুষ

৪৯তম বিসিএসে গেজেটভুক্ত হয়েও শিক্ষা ক্যাডারে যোগদান করেননি ৩৮ জন কর্মকর্তা। তাঁদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং চারজন নারী প্রার্থী রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ৬৫১ জনকে গেজেটভুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রের তথ্য অনুযায়ী, গেজেটভুক্ত ৬৫১ জনের মধ্যে পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যোগদান করেছেন ৬১২ জন এবং শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন একজন। ফলে গেজেটভুক্ত হয়েও যোগদান করেননি ৩৮ জন।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, যোগদান না করা ৩৮ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং চারজন নারী প্রার্থী রয়েছেন।

মন্তব্য করুন

নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষক বদলির আওতায় থাকবেন না: স্বয়ংক্রিয় বদলির উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে

শিক্ষামন্ত্রণালয়
শিক্ষামন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সেই সকল শিক্ষক যারা নিজ জেলায় নিয়োগ পেয়েছেন, তাদের বদলির আওতায় না আনার প্রস্তাব এসেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধিকাংশ কর্মকর্তা এ প্রস্তাবের পক্ষে ইতিবাচক মত দিয়েছেন। ফলে নিজ জেলায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার মাউশিতে অনুষ্ঠিত কর্মশালায় এই প্রস্তাবটি আলোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান, মাউমির ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী, মাউশির উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী, সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন, এবং টেলিটক ও ইএমআইএস সেলের কর্মকর্তারা।

কর্মশালার আলোচনায় বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির বিষয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা নেওয়া জরুরি। তবে নিজ জেলায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পেলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা বলেন, যারা নিজ জেলা থেকে বহু কিলোমিটার দূরে চাকরি করছেন, তাদের বদলি বেশি জরুরি। এছাড়া, এমপি বা মন্ত্রীর সুপারিশের কারণে অনিয়মের সম্ভাবনা থাকায় নিজ জেলায় নিয়োগপ্রাপ্তদের বদলির সুযোগ না দেওয়ার জন্য সবাই একমত হয়েছেন। শিগগিরই চূড়ান্ত বদলি নীতিমালা প্রকাশ করা হবে।

এক কর্মকর্তা বলেন, “কর্মশালায় টেলিটকের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফটওয়্যার তৈরিতে কী ধরনের সহযোগিতা দরকার তা লিখিতভাবে জানানো হবে এবং সফটওয়্যারটি কীভাবে কাজ করবে, সেটিও নির্ধারণ করা হবে।”

জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থাকায় শিক্ষাপেশার উন্নয়নে বাধা তৈরি হয়। তাই সরকার স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে। তবে সফটওয়্যারের জটিলতার কারণে আগে কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। আবারও আদালতে ইনডেক্সধারী শিক্ষকরা বদলির দাবিতে রিট করলে কার্যক্রম স্থবির হয়েছিল।

কর্মশালার পর জানা গেছে, এবার স্বয়ংক্রিয়ভাবে শিক্ষকদের বদলির সুযোগ বাস্তবায়িত হবে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বদলি শিগগিরই শুরু হবে।

মন্তব্য করুন

প্রকাশ হলো প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফল, পাসের হার ৪১.৯৩ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সারাদেশের ৮২টি কেন্দ্রে ১০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীসহ মোট ৫১ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৪১ দশমিক ৯৩ শতাংশ।

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

মন্তব্য করুন

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প রয়েছে: মাহদী আমিন

প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে বাবা-মায়ের নির্ঘুম রাত, পরীক্ষার উদ্বেগ এবং নানা চ্যালেঞ্জ পেরিয়ে এগিয়ে চলার এক অসামান্য ত্যাগের গল্প রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

রোববার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে মাহদী আমিন বলেন, আজকের অর্জিত সনদ তাদের আলোকিত ও সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে গৌরবোজ্জ্বল অতীত এবং বাবা-মায়ের দীর্ঘ ত্যাগের ইতিহাস। তাঁদের অবদান ও সংগ্রামের কথা সব সময় স্মরণে রাখার আহ্বান জানান তিনি।

আইইউটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর বিশেষ ব্যক্তিগত অনুভূতি জড়িয়ে রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে আইইউটির গ্র্যাজুয়েটরা দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরে মেধার স্বাক্ষর রেখে চলেছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহুবার আইইউটি ক্যাম্পাসে এসেছেন উল্লেখ করে মাহদী আমিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও শিক্ষা ও প্রযুক্তির এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা রোবোটিক্স ডেটা বিশ্লেষণ করতে পারলেও প্রযুক্তিকে কীভাবে পরিচালনা করা হবে, তা নির্ভর করে মানুষের সুবুদ্ধি, সততা ও মূল্যবোধের ওপর। তাই শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজ, মানবজাতি এবং নারী ও তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখার জন্য গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান তিনি। সিলিকন ভ্যালির বাইরেও আইইউটির গ্র্যাজুয়েটদের হাত ধরে প্রযুক্তির পরবর্তী যুগান্তকারী বিপ্লব সূচিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ ও মূল্যবোধের মধ্যে মিল রয়েছে। জ্ঞান ও উদ্ভাবনকে যৌথ স্বার্থে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবর্তনে মোট ৬৫৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে সাতজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী অর্জন করেন ‘ওআইসি গোল্ড মেডেল’। অন্য ছয়জন শিক্ষার্থী পান ‘আইইউটি গোল্ড মেডেল’। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন তাঁদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন।

মন্তব্য করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের: মাউশি

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা এবং নতুন সাইবার সুরক্ষা আইন বা অধ্যাদেশ কঠোরভাবে মেনে চলার জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছে, তাদের আওতাধীন সব দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অবশ্যই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সাইবার স্পেসে আচরণের ক্ষেত্রে বিদ্যমান সরকারি নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, এই নীতিমালাগুলো অমান্য করলে তা সরকারি কর্মচারীর 'আচরণবিধি লঙ্ঘনের' শামিল হবে। এর পাশাপাশি এটি অনেক ক্ষেত্রে 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' এবং 'শাস্তিযোগ্য অপরাধ' হিসেবেও বিবেচিত হতে পারে।

এক্ষেত্রে 'সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)' এবং 'সাইবার সুরক্ষা আইন/অধ্যাদেশ, ২০২৫ (২৫ নং অধ্যাদেশ)'-এর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নিয়োগ অনিশ্চিত, ট্রেড ইন্সট্রাক্টর পদপ্রার্থীদের শঙ্কা

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আসন্ন গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ না পাওয়ার শঙ্কায় রয়েছেন কয়েকশ ট্রেড ইন্সট্রাক্টর পদপ্রার্থী। প্রতি ট্রেডে দুজনের পরিবর্তে একজন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের নতুন নীতিমালার কারণে শূন্যপদ ও নিয়োগের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে।

প্রার্থীদের দাবি, প্রতি ট্রেডে দুজন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের নীতিমালার আলোকে ১৮তম নিবন্ধন পরীক্ষায় তাঁদের চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছে। এর আগে ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিও একই নীতিমালার ভিত্তিতে প্রকাশিত হয়েছিল। তবে পর্যাপ্ত শূন্যপদ না থাকায় তখনও অনেক প্রার্থী নিয়োগের সুপারিশ পাননি।

এ অবস্থায় নতুন করে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের উদ্বেগ আরও বাড়িয়েছে নীতিমালার পরিবর্তন। তাঁদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে প্রতি ট্রেডে দুজনের পরিবর্তে একজন ট্রেড ইন্সট্রাক্টর রাখার বিধান করা হয়েছে। ফলে নিয়োগযোগ্য পদের সংখ্যা কমে যেতে পারে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও অনেক প্রার্থী আবারও নিয়োগবঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

এ বিষয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জানতে চাইলে বিভাগের যুগ্মসচিব (কারিগরি-১) মো. গাউছুল আজম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে বিস্তারিত জেনে তারপর আপনার সঙ্গে কথা বলতে পারব। তবে কেউ বঞ্চিত হোক সেটি কারোই কাম্য নয়।’

নিয়োগের সুপারিশের অপেক্ষায় থাকা প্রার্থীদের আশঙ্কা, প্রতি ট্রেডে দুটি পদের পরিবর্তে একটি পদ নির্ধারণের ফলে নিয়োগের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। একই সঙ্গে বর্তমানে চলমান বদলি প্রক্রিয়ার কারণে সৃষ্ট শূন্যপদগুলোও নতুন নীতিমালার প্রভাবে নিয়োগের বাইরে চলে যেতে পারে। এতে আসন্ন গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার সম্ভাবনা আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মো. রায়হান নামে এক প্রার্থী বলেন, ‘দীর্ঘদিনের প্রস্তুতি, সময় ও অর্থ ব্যয় করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও যদি নীতিমালার পরিবর্তনের কারণে নিয়োগের সুযোগ কমে যায়, তাহলে প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। যে নীতিমালার আলোকে তারা পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন, পরবর্তী সময়ে সেই নীতিমালার পরিবর্তনের ফলে কেন তাদের কর্মসংস্থানের সুযোগ সীমিত হবে?’

শুধু চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয় নয়, প্রতি ট্রেডে একজন শিক্ষক নির্ধারণের সিদ্ধান্ত কারিগরি শিক্ষার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, শিক্ষকসংকট বাড়লে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মো. শামীম ইসলাম নামে আরেক প্রার্থী জানান, কারিগরি শিক্ষা বোর্ডের ক্লাস পিরিয়ড বিন্যাস অনুযায়ী তাত্ত্বিক ও ব্যবহারিক মিলিয়ে সপ্তাহে মোট ৩২টি ক্লাস নিতে হয়। একজন ট্রেড ইন্সট্রাক্টরের পক্ষে এতগুলো ক্লাস নেওয়ার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের যথাযথ তত্ত্বাবধান নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।

তিনি বলেন, শিক্ষকস্বল্পতার কারণে একজন শিক্ষকের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলে পাঠদানের মান কমে যেতে পারে। এতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জন থেকে বঞ্চিত হতে পারে এবং কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতা, অবসর কিংবা অন্যান্য কারণে কোনো পদ শূন্য হলে নতুন শিক্ষক নিয়োগে সময় লাগতে পারে। এ সময় সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় অন্য শিক্ষকদের দিয়ে ক্লাস পরিচালনা করতে হলে শিক্ষার্থীদের শিখনঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সুপারিশের অপেক্ষায় থাকা প্রার্থীরা বলছেন, সরকার যখন কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিচ্ছে, তখন পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা জরুরি। তাঁদের মতে, প্রতি ট্রেডে দুটি পদের পরিবর্তে একটি পদ নির্ধারণ করলে একদিকে চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ কমবে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকস্বল্পতা আরও প্রকট হতে পারে।

এ কারণে আসন্ন গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালার সংশ্লিষ্ট অংশ পুনর্বিবেচনা করে প্রতি ট্রেডে দুজন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের আগের বিধান পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা। প্রার্থীদের প্রত্যাশা, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং কারিগরি শিক্ষার মান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায়, ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও শত শত ট্রেড ইন্সট্রাক্টর পদপ্রার্থী আবারও নিয়োগবঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

 

মন্তব্য করুন

বিজয়া দশমীতে ছাত্রদল নেতা তারিকের ভিন্নধর্মী কর্মসূচি

হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিন ‘বিজয়া দশমী’ উপলক্ষে ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা তারিক পূজামণ্ডপ পরিদর্শনকালে জগন্নাথ হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, হল সংসদের নির্বাচিত প্রতিনিধিসহ উপস্থিত সব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষে হাতের লেখা চিঠির মাধ্যমে শুভেচ্ছা বার্তা ও গোলাপ ফুল প্রদান করেন।

শুভেচ্ছা বার্তায় লেখা রয়েছে- ‘শারদীয় দুর্গোৎসব আমাদের সংস্কৃতির যৌথ আনন্দের উৎস। ধর্মের ভিন্নতা থাকলেও হৃদয়ের বন্ধনে আমরা এক। আসুন মুসলিম-হিন্দু মিলেই তৈরি করি সম্প্রীতির সেই রঙিন দেশ। সবার আগে বাংলাদেশ।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তরিকুল ইসলাম তারিক বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সেই আদর্শ ও নীতিতে বিশ্বাসী। তাই আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব।

তিনি বলেন, আজ দুর্গাপূজার শেষ দিন তথা বিজয়া দশমীতে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্বেও পূজামণ্ডপে গিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। এজন্য আমাদের সনাতনী ভাইবোনেরা আমাদেরকে স্বাগত জানিয়েছেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন, জুল হোসেন, সদস্য সাব্বির হোসেন, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, শেখ মুজিবুর রহমান হলের সদস্য তাহমিদ হুমায়ুন তানিম, ঢাবি ছাত্রদল কর্মী রুহুল আমিন, রাকিব হোসেনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ফজলে রাব্বি রাদ, মুজতবা তাহমিদ মুবিন, মো. নাজমুল হক, মো. তানভিরুল ইসলাম, মহানগর দক্ষিণের মো. জুবায়ের হোসেন ও মো. ফাহাদ হোসেন, মহানগর পূর্বের মো. জাহিদ হাসান, মো. সোয়াইবুল ইসলাম রেম্পি, মুন্তাসির হাসনাত, মহানগর পশ্চিমের মো. মাহমুদুল হাসান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরাফাত হোসেন, ওসমান খান, ইউসুফ আহমেদ অপু, জামাল খান, আবদুল্লাহ আহমেদ তোফায়েল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
×