দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি: ১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ ছাত্রদল নেতাকে শোকজ
দলীয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে ১৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ২৯ জন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ ও সদস্য সচিব মোস্তাফিজুল কবীর স্বাক্ষরিত পৃথক নোটিশে সংশ্লিষ্ট নেতাদের এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও বিগত কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে সংশ্লিষ্ট নেতাদের অনুপস্থিতি সংগঠনের কাছে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এসব কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণ এবং তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব, বাংলাদেশ ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব এবং সিটি ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ ছাড়া হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও শোকজ করা হয়েছে।
শোকজপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন আশিয়ান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনাইটেড মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ ছাড়া পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেওয়ার পর সংশ্লিষ্ট নেতাদের বিষয়ে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।